বহুকাল ঘুমিয়েছিল সে।
ঘুমের মাঝেই লুটেরাদের দখলে
খণ্ড বিখণ্ড হয়ে
অন্তর্গত রক্তক্ষরণে ভেসে যাচ্ছিল
আপোস আর নেতির জোয়ারে।
একাত্তরে তার সর্বব্যাপক ঘুম ভাঙ্গে
তবু সাজানো হয় না তার ঘর
পশুবৃত্তির জয়গানে,
বিয়াল্লিশ বছরের দীর্ঘ ঘুম তার।
নব্বইয়ের আড়মোড়া ভাঙ্গে সে
আর বিছানা ছেড়ে উঠতে উঠতেই
তার জাগরণ বেহাত হয়ে যায়।
ঘুম ভাঙ্গার চিহ্ন
আবার দেখা যাচ্ছে শাহবাগে,
শাহবাগ,
আমাদের আড্ডায় সে সর্র্বদা সজাগ
সজাগ,
তার দেহে ঘুম ভাঙ্গার লক্ষণে
৭১-এর মুক্তির স্বপ্নগুলো হাসছে,
পাখা মেলে উড়ছে।
যদিও ঘুম ভেঙ্গে
এখনো ব্যাপ্তি পায়নি যে কর্মে
তবু ভয় হয়
ব্যাপ্ত হওয়ার আগেই
না যেন তার জাগরণ
বেহাত হয়ে যায়।
(By Ikteeja Hasan, Bangladesh)